ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আকতার হোসেন বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৪৩ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৪৯ জন, গুলশান বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল ও অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।