Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আলকাস মল্লিক বনদস্যু ছিলেন, ক্রসফায়ারে জিয়াউল জড়িত নন: আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৫:০১

ছবি: সংগৃহীত

ঢাকা: নিহত আলকাস মল্লিক বনদস্যু ছিলেন এবং তার ক্রসফায়ারের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেছেন জিয়াউলের আইনজীবী সাহিদুর রহমান। তবে আইনজীবীর এসব দাবি অসত্য বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে তদন্ত কর্মকর্তাকে জেরার সময় এসব দাবি করেন জিয়াউলের আইনজীবী।

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এ মামলায় নবম দিনের মতো তদন্ত কর্মকর্তাকে জেরা করা হচ্ছে। মামলায় ১৫তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

জেরার একপর্যায়ে র‍্যাবের বিভিন্ন অভিযান নিয়ে প্রশ্ন করেন জিয়াউলের আইনজীবী সাহিদুর রহমান। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন অভিযানের আগে র‍্যাব-৮-এর কোন কোন সদস্য সাদা পোশাকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজারে গিয়ে সন্ধ্যার মধ্যে দোকান বন্ধ করতে বলতেন, তা তদন্তে উঠে আসেনি। অভিযানে ব্যবহৃত ট্রলারগুলোও শনাক্ত করা সম্ভব হয়নি। কারণ, সেসব ট্রলার এখন আর নেই।’

মামলার ভুক্তভোগী আলকাস মল্লিককে নিয়ে জেরার সময় তদন্ত কর্মকর্তা জানান, তদন্তে পাওয়া গেছে, র‍্যাবের এক সদস্য ফোন করে আলকাস মল্লিককে ডেকে নিয়েছিলেন। তবে ওই সদস্যের নাম-ঠিকানা তিনি জানতে পারেননি। আলকাসের ফোন নম্বর না পাওয়ায় তাকে ফোন করে ডেকে নেওয়া ব্যক্তিকে শনাক্ত করতে টেলিফোন অফিসের সহায়তাও নেওয়া হয়নি। অন্য কোনো গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হয়েছিল কি না, সে বিষয়েও তদন্ত কর্মকর্তা কিছু জানাননি।

আলকাসকে ডেকে নেওয়ার সময় পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বা ডিউটি অফিসার কে ছিলেন, তা-ও বলতে পারেননি তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে থানার সাধারণ ডায়েরি (জিডি) কে তদন্ত করেছেন, সেটিও তার জানা নেই বলে জানান।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, আলকাস মল্লিকের দু’টি ট্রলার কী নামে সাগরে চলাচল করত, তা তদন্তে জানা যায়নি। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে তিনি পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়েও যাননি।

এ পর্যায়ে জিয়াউল আহসানের আইনজীবী দাবি করেন, আলকাস মল্লিককে তার বাড়ি থেকে ডেকে নেওয়া হয়নি। তিনি রাজু বাহিনীর সদস্য হিসেবে বনদস্যু ছিলেন। তার ক্রসফায়ারের ঘটনার সঙ্গে জিয়াউল আহসানের কোনো সম্পৃক্ততা ছিল না।

আইনজীবীর এসব দাবি অসত্য বলে জানান তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি বলেন, র‍্যাব-৮-এর কোন কোন সদস্য ট্রলার ঠিক করে পাথরঘাটার চরদুয়ানি ঘাটে যেতেন, তা তদন্তে শনাক্ত করা সম্ভব হয়নি। ১৩ নম্বর সাক্ষীর বর্ণনা অনুযায়ী, অভিযানের সময় ইন্টেলিজেন্স উইংয়ের যে চার সদস্য অংশ নিয়েছিলেন, তদন্তকালে তাদেরও শনাক্ত করা যায়নি। এ ছাড়া সাক্ষীর বর্ণিত অন্যান্য অভিযানে র‍্যাব-৮-এ সংযুক্ত ইন্টেলিজেন্স উইংয়ের কোন কোন সদস্য অংশ নিয়েছিলেন, তাদেরও শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর