ঢাকা: শুধু সাময়িক সমস্যা মোকাবিলা বা ‘ফায়ার ফাইটিং’ করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, কোনো রোগ বা মহামারি প্রকট আকার ধারণ করলে সেখানে সাময়িক মলম দেওয়ার প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করতে হলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নীতি নির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় যুক্ত করার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর গত ৮ মাস ধরে আমাদের মন্ত্রণালয়কে মূলত বিভিন্ন সংকটের পেছনে দৌড়াতে হয়েছে, ফায়ার ফাইটিং করতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয়েছে। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ২ কোটি শিশুর কাছে মাত্র এক মাসের মধ্যে টিকা ও কোল্ড চেইন নিশ্চিত করে পৌঁছে দেওয়া কোনো সহজ কাজ ছিল না। এটি কোনো ক্লিনিশিয়ানের একার কাজ নয়, এর জন্য প্রয়োজন পড়েছে দক্ষ পাবলিক হেলথ স্পেশালিস্টদের নিখুঁত অপারেশনাল ও লজিস্টিক প্ল্যানিং।’
ডেঙ্গু পরিস্থিতির উদাহরণ টেনে ড. এম এ মুহিত বলেন, ‘হাম যেতে না যেতেই আমাদের সামনে আসে ডেঙ্গু। লার্ভিসাইড প্রয়োগ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, হাসপাতালের বেড ও স্যালাইন সরবরাহ সমন্বয় থেকে শুরু করে দ্রুততম সময়ে দেশের দুই হাজার চিকিৎসককে ডেঙ্গু চিকিৎসায় পুনরুজ্জীবন বা হালনাগাদ প্রশিক্ষণ দেওয়া- এই পুরো কৌশল ও ব্যবস্থাপনা জনস্বাস্থ্য ভাবনারই ফসল। কিন্তু শুধু তাৎক্ষণিক সংকটে মলম লাগিয়ে বা জরুরি আগুন নেভানোর মতো কাজ করে কোনো টেকসই স্বাস্থ্য ব্যবস্থা দাঁড় করানো যায় না। আমাদের কাজে এখনো ‘সমন্বিত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি’র বড় ঘাটতি রয়েছে।’
স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিটি জেলা ইউরোপের অনেক দেশের সমান। অথচ জেলা পর্যায়ে কোনো সমন্বিত হেলথ অথরিটি নেই। ৬৪ জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন পাবলিক হেলথ বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে যদি ডিস্ট্রিক্ট হেলথ ম্যানেজমেন্ট ও মনিটরিং সাজানো যেত, তবে স্বাস্থ্য খাতের চিত্র আমূল বদলে যেত।’
তিনি বলেন, ‘অতীতে স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকার কেনাকাটা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অবকাঠামো ও যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার হয়নি। প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত তিনজন নার্স থাকার কথা থাকলেও স্বাধীনতার ৫৪ বছরে সরকারি খাতে তা এখনো সমান সমান বা একজন চিকিৎসকের বিপরীতে একজন নার্সে আটকে আছে। এ ধরনের কাঠামোগত দুর্বলতা দূর করতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, হেলথ পলিসি ও হসপিটাল ম্যানেজমেন্টের বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগাতে হবে।’
সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহারে আমরা ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার মূল ভিত্তিই হলো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা। ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে পরিকল্পনা রয়েছে, তাদের প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি এবং দেশের রোগতাত্ত্বিক বাস্তবতার আলোকে রোগী প্রেরণ ও সেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার কাজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরই করতে হবে।’ শিক্ষার্থীদের সরকারের ২০ দফার অগ্রাধিকারমূলক স্বাস্থ্য লক্ষ্য ও চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার মতো জাতীয় ইস্যুতে গবেষণামূলক থিসিস রচনার আহ্বান জানান।
নিপসম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এক সময় নিপসমের নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসা গবেষণা তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল, যা ফিরিয়ে আনা জরুরি।’ এছাড়া, ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রটির আবাসন ও গবেষণাগার সুবিধা আধুনিকায়ন করে শিক্ষার্থীদের সরাসরি মাঠে গিয়ে কাজের অভিজ্ঞতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, সরকারের লক্ষ্য প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। সেই জায়গায় বর্তমান প্রতিমন্ত্রী জোর দিচ্ছেন এবং সরকারের লক্ষ্য অর্জনে এর বিকল্প নেই।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বিশেষ অতিথির বক্তব্য দেন ড্যাব এর মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল ও স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ প্রমুখ।