Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর খণ্ডিত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৪:২৮

প্রতীকী ছবি

ঢাকা: নিখোঁজের আটদিন পর সবুজবাগ বাইগদিয়া এলাকার একটি ঝোপঝাড় থেকে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে সবুজবাগ বাইকদিয়া ঈদগাঁ রোডের রোডের একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহ পাঠানো হয়।

নিহত জাকির হোসেনের ছোট ভাই মো. সুমন মিয়া জানান, উত্তর মানিকদিয়া বাইকদি এলাকায় তাদের নিজেদের বাড়ি। স্ত্রী রেখা আক্তার ও দুই মেয়ে এক ছেলেকে নিয়ে ওই বাড়িতেই থাকতো। জাকির হোসেন এলাকায় বোতলের ব্যবসা করতো। গত ৪ জুন রাত সাড়ে ১১টার থেকে তার ভাই জাকির হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল। পরের দিন ৫ জুন জাকিরের স্ত্রী রেখা আক্তার থানায় অভিযোগ করে। এরমধ্যে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি। কোথাও না পেয়ে স্ত্রী রেখা আক্তার বাদি হয়ে সবুজবাগ থানা একটি অপহরণ মামলা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত ৪ জুন তার ভাই জাকির ত্রিমোহনীর একটি ব্যাংক থেকে ৩ লাখ টাকা তুলে। টাকা গুলো তার কাছেই ছিল। রাত থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে সবুজবাগ থানার পুলিশের মাধ্যমে মরদেহ পাওয়ার সংবাদ পাই।

সুমন অভিযোগ করেন, কয়েক বিঘা সম্পত্তি নিয়ে তার চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে লোক ভাড়া করে তার ভাইকে হত্যা করেছে। তবে আমার ভাইকে শুধু মেরেই ফেলে নাই। কয়েক টুকরা করে মাটির মধ্যে পুতে রাখছে।

এ বিষয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল আমিন জানান, গত ৪ জুন বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় জাকির হোসেন। এ বিষয়ে তার স্ত্রী থানায় অপহরনামলা করেন। সেই মামলার তদন্তে গিয়ে জাকির হোসেনের প্রতিবেশী আজাহার (৩০) নামে একজনকে গতরাতে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি ঈদগাহ রোডের ঝোপঝাড় থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জনান, মরদেহের ছয়টি অংশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন । শরীর থেকে দুই হাত বিচ্ছিন্ন। শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন। তবে এর মধ্যে থেকে ডান হাতের অংশটা পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে শিয়াল বা কুকুর হাতটি খেয়ে ফেলেছে। এই ঘটনায় সন্দেহজনক আরও তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, শুকুর আলী, স্বপন ও রাজিব।

এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়ধীন রয়েছে। কেন জাকির হোসেনকে হত্যা করা হয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমপি