Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নির্বাচন বিলম্বিত হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা রয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশের অন্য গণতান্ত্রিক দলগুলোর মতো আমরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। নির্বাচন বিলম্বিত হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন, সংস্থার ও বিচারের বিষয়ে আমাদের দ্বিমত নেই। অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেসব সংস্থার প্রয়োজন তা করতে হবে। বিচার কার্যক্রমও দৃশ্যমান হতে হবে। আমরা মনে করি এসব কাজ করেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করা সম্ভব। নির্বাচন পিছিয়ে গেলে আধিপত্যবাদী শক্তি তাদের অনেক ইচ্ছা বাস্তবায়ন করতে পারে। নানা কারণে নির্বাচন আরও দূরে চলে যাবে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ আমরা চাই না। কিন্তু তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে, এ নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। দেশের রাজনৈতিক অঙ্গনে কথা বলার নৈতিক অধিকার তারা হারিয়েছে। দ্রুত নির্বাচন না হলে পতিত শক্তি সামনে আসার সুযোগ পাবে।’

এ সময় উপস্থিত ছিলেন সিপিবি নেতা এস এ রশীদ, খুলনা মহানগর সিপিবির সভাপতি এইচ এম শাহাদাত, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুসহ আরও অনেকে।

সারাবাংলা/এমপি