Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: জেলার আলীকদম উপজেলার তৈন খালে ভেসে আসা আরও একজন নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩জুন) সকাল সাড়ে ১০টায় তৈন খালের আমতলী ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ স্মৃতি নামে একজন নারী পর্যটকের।

আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেলা সাড়ে ১০টা আমতলী ঘাটে ভেসে আসা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের পরিচয় নিশ্চিত করে জানা যায়, তিনি নারী পর্যটক স্মৃতি।

জানা গেছে, সোমবার ( ৯ জুন) ‘বর্ষা’ নামে একজন নারী ট্যুর অপারেটরের নেতৃত্বে ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের ৩৩ সদস্যের একটি পর্যটক দল আলীকদমে আসে। দলের সহ-সমন্বয়কারী ছিলেন হাসান চৌধুরী নামের একজন এবং স্থানীয় গাইড হিসেবে ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের গন্তব্য ছিল আলীকদমের ক্রিসতং পাহাড়, থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া। দলটি দুটি ভাগে বিভক্ত ছিল—একটিতে ২২ জন, অন্যটিতে ১১ জন। ২২ জনের দল থেকেই ১৯ জন পাহাড়ি ঝিড়ি পার হতে পারলেও দুইজন পর্যটক ও একজন ট্যুর অপারেটর প্রবল স্রোতে ভেসে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই দিন তারা তৈন খাল হয়ে দুর্গম ক্রিস্টং পাহাড়ের দিকে রওনা দেয়। পথে একটি পাহাড়ি ঝিড়ি পার হওয়ার সময় প্রবল স্রোতে তিনজন ভেসে যায়। তাদের মধ্যে বৃহস্পতিবার সকালে শেখ জুবাইরুল ইসলাম ও শুক্রবারে স্মৃতি নামের এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন হাসান চৌধুরী নামের একজন ট্যুর অপারেটর।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আরও একজন নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হাসান চৌধুরীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো