Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএমইউ’র গবেষণা রিভিউ বোর্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২০:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাষ্ট্র সরকারের অফিস ফর হিউম্যান রিসার্চ প্রোটেকশনস (ওএইচআরপি) থেকে আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গবেষণা সংক্রান্ত ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি)। ফলে গবেষণায় নৈতিকতা, মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তর্জাতিক মান অর্জন করল বিএমইউ।

সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওএইচআরপির নিবন্ধনের ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে ফান্ড পেতে পারেন। ওএইচআরপি বিভিন্ন সময়ে আমাদের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের কার্যক্রম তদারক করবে, তারা এর কোয়ালিটি বা গুণগত মান তদারকি করবে। এরই মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাও উন্নত হবে। ভবিষ্যতে এসব গবেষণা আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশের ক্ষেত্রে আমরা সুবিধা পাব।

বিজ্ঞাপন

আইআরবি মূলত একটি নীতিনির্ধারণী কমিটি, যা গবেষণার অনুমোদন, নৈতিকতা যাচাই, ঝুঁকি মূল্যায়ন, গবেষণার সময় নজরদারি এবং অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করে।

এই স্বীকৃতি গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা, বহুজাতিক প্রকল্পে অংশগ্রহণ এবং বৈদেশিক তহবিল আহরণে নতুন দিগন্ত খুলে দিয়েছে। নিবন্ধনের ফলে বিএমইউর গবেষণা কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করায়, বিশ্বমানের জার্নালে গবেষণাপত্র প্রকাশে সুবিধা হবে।

সারাবাংলা/এমএইচ/এসআর