Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগ নেতার বিরুদ্ধে জমি জবরদখল ও হয়রানির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৬:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: জেলার চাটমোহর উপজেলায় এক আওয়ামী লীগ নেতা রবিউল করিম এবং তার ছেলে-ভাতিজাদের বিরুদ্ধে জমি জবরদখল, সরকারি রাস্তা দখল, বাড়ি ভাঙচুর এবং প্রশাসনকে ব্যবহার করে হয়রানির অভিযোগ আনা হয়েছে। তার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৮) দুপুরে চাটমোহর উপজেলার হান্ডিয়াল মারিয়াস্থল গ্রামের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম, তার ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ভাতিজা ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আশরাফুল আলম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাইরের সন্ত্রাসী ভাড়া করে এনে একের পর এক হামলা, ভাঙচুর, হয়রানি করছেন। অনেক মানুষের জমি জবরদখল করে রেখেছেন। এ ছাড়া তারা অনেক সরকারি খাসজমিও দখল রেখে পুকুর কেটে মাছ চাষ করছেন।

বিজ্ঞাপন

তারা আরও অভিযোগ করেন, আদালতের রায় থাকলেও তারা জমি বুঝিয়ে দিচ্ছেন না। চাষাবাদ করতে দিচ্ছে না। সন্ত্রাসী ভাড়া করে এনে বাড়িতে যাওয়ার আসার রাস্তা বন্ধ করে দিচ্ছেন, বাড়ি ভাঙচুর ও মারধর করছেন।

তারা আরও বলেন, ‘শুধু তাই নয়, সম্প্রতি তারা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়ে এসে ভুক্তভোগীদের বাড়ি বাড়ি তল্লাসি চালিয়ে নানাভাবে হয়রানি করছে। এখানে প্রশাসনও আওয়ামী দোসরদের কথা শুনে পক্ষপাতিত্ব করছেন। অবিলম্বে এই সমস্ত হয়রানি বন্ধ ও জমি বুঝে পেতে ন্যায় বিচারের জন্য সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান ভুক্তভোগীরা।’

এ সময় বক্তব্য দেন, নুরুল হক সরকার, আলমগীর হোসেন, ফজলুল হক সরকার, হামেদা খাতুন, শাপলা খাতুন, ইসমত আরা খাতুন, শিমুল হোসেন, মজনুর রহমান ও গোলবার হোসেন প্রমুখ।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আশরাফুল আলম বলেন, ‘কোনো কুল কিনারা না পেয়ে তারা একের পর এক মিথ্যা অভিযোগ করে আসছে।’

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও এই  বিষয়ে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো