Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাঁচতে চায় খুকুমনি, পূরণ করতে চায় স্বপ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৮:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: খুকুমনি (১৩) সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। পড়ালেখার প্রতি তার অদম্য ইচ্ছা শক্তি। সে স্বপ্ন দেখে একদিন পড়ালেখা শিখে তার দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাবে, হাল ধরবে তাদের। কিন্তু হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে খুকুমুনির সব স্বপ্ন থমকে গেছে। এখন তার একটাই আকুতি— সে বাঁচতে চায়, পড়ালেখা করতে চায়। তাকে বাঁচাতে প্রয়োজন পাঁচ লাখ টাকা।

আসুন, আমরা খুকুমুনির পাশে দাঁড়াই। সাহায্যের হাত বাড়িয়ে তার জীবন এবং স্বপ্ন বাঁচাতে এগিয়ে আসি। আপনার একটু সাহায্যে বেঁচে যাবে একটি শিশুর প্রাণ। গড়বে সুন্দর ভবিষ্যৎ।

খুকুমনি জেলার সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ডাংগাবাড়ি গ্রামের খোকন মিয়ার মেয়ে। সে মীরগড় ময়নউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পেট ব্যথায় ভুগছিল খুকুমনি। শুরুতে স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়েও রোগ নির্ণয় সম্ভব হয়নি। অবশেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. খন্দকার মনিরুল আলম রাসেল তার প্যানক্রিয়াটাইটিস রোগ শনাক্ত করেন। চিকিৎসক জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন, যাতে লাগবে প্রায় পাঁচ লাখ টাকা।

এমন এক পরিবারে খুকুমনির জন্ম, যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করাই কঠিন। তার বাবা খোকন মিয়া একজন দরিদ্র দর্জি। তিনি নিজেও দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও টিবিতে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। সব জমিজমা বিক্রি করে এতদিন মেয়ের চিকিৎসা চালিয়েছেন। এখন আর কোনো পথ খোলা নেই।

এবিষয়ে খুকুমনি বলেন,‘আমার অনেকদিন ধরে পেট ব্যথা, তাও স্কুলে যেতাম। এখন আর পারি না। চিকিৎসক বলেছেন, তাড়াতাড়ি অপারেশন না করালে আরও খারাপ হয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করছি—দয়া করে সাহায্য করুন। আমি আবার সুস্থ হয়ে স্কুলে যেতে চাই।’

তার মা ইতি আক্তার বলেন, ‘আমরা যা কিছু ছিল সব দিয়ে মেয়ের চিকিৎসা করেছি। এখন আর কিছুই নাই। আল্লাহর রহমতে যদি মানুষ একটু সহযোগিতা করেন, মেয়েটা হয়তো বাঁচতে পারবে।’

সহপাঠী রিয়া বলেন,‘খুকুমনি আমার বান্ধবী। সে নিয়মিত স্কুলে যেতো, এখন আর যেতে পারে না। সবাই মিলে যদি একটু সহযোগিতা করেন, তাহলে সে আবার আমাদের সঙ্গে ক্লাসে বসতে পারবে।’

খুকুমনির প্রতিবেশী আশিক হাসান বলেন,‘খুকুমনি একজন মেধাবী ছাত্রী। তার পরিবারের অবস্থা এমন নয় যে এত খরচ সামাল দিতে পারবে। সমাজের বিত্তবান ও সরকারের প্রতি আহ্বান জানাই। এই অসহায় মেয়েটার পাশে দাঁড়ান।’

সাহায্য পাঠাতে পারেন: খোকন মিয়া (খুকুমনির বাবা), হিসাব নম্বর: ২০৫০২৪৩০২০১৯৭২২১৮ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পঞ্চগড় শাখা। বিকাশ/নগদ (পারসোনাল): ০১৭৪৪৩৪২১৭৮

সারাবাংলা/এসআর