Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিএনপি অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীসহ বিশ্বের সকল শরণার্থী সংকট মোকাবিলায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (২০ জুন) বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ২০ জুন বিশ্ব শরণার্থী দিবসে তিনি বিশ্বের সকল শরণার্থীর মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জ্ঞাপন করছেন। তিনি উল্লেখ করেন, সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত বিশ্বব্যাপী প্রায় ১২ কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। জাতিসংঘ এই ক্রমবর্ধমান সংখ্যাটিকে ‘বিশ্বের রাষ্ট্রসগুলোর ওপর ভয়ঙ্কর অভিযোগ’ হিসাবে চিহ্নিত করেছে। তার মতে, একাধিক শরণার্থী সংকটের মূল কারণগুলো মোকাবিলার জন্য রাজনৈতিক সদিচ্ছা না থাকলে বেশিরভাগ বাস্তুচ্যুত ব্যক্তি ও পরিবারের নিজ দেশে ফিরে যাওয়া কঠিন হয়ে পড়ে।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘পৃথিবীর দেশে দেশে উদ্বাস্তু সমস্যা আজও ভয়াবহ ও অমানবিক। বিশ্ব নাগরিকদের সহজাত কিছু অধিকার আছে; যেমন, মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আশ্রয়, নিরাপত্তা এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার স্বাধীনতাসহ মানবিক মর্যাদা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে বিশ্বব্যাপী শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত আতঙ্কজনক। এ ছাড়া, শরণার্থীরা বিভিন্ন দেশে ক্ষুধা ও বেকারত্বের কারণে অপরাধের সঙ্গে জড়িত হওয়ায় স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ছে, যা নতুন সংকটের সৃষ্টি করছে।

মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের নাম জোরেশোরে আলোচিত হয় মূলত রোহিঙ্গা সমস্যার কারণে। তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের ক্ষুধা, আবাস, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ইত্যাদি দুর্যোগ মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।

তিনি বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে হবে। মির্জা ফখরুল মনে করেন, অনেক সংকটের মতোই আন্তর্জাতিক সম্প্রদায়কে বিদ্যমান সংকট নিরসনের জন্য দ্বিগুণভাবে কাজ করতে হবে এবং কার্যকর রাজনৈতিক সংলাপের জন্য সম্মিলিতভাবে জোর প্রচেষ্টা চালাতে হবে।

বিএনপি মহাসচিব তার বাণীতে উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্ব শরণার্থী দিবসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ বিশ্বের সকল শরণার্থীদের সংকট মোকাবিলায় এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। তিনি বিশ্বের সকল শরণার্থীর প্রতি সমব্যথী এবং তাদের নিজ দেশে মাথা উঁচু করে ফেরার প্রত্যাশা করেন।

সারাবাংলা/এফএন/এইচআই