Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশকে ৬১১৮ কোটি টাকা বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৪:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ১১৮ কোটি টাকা (১ ডলার=১২২.৩৭ টাকা)। আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা বাড়াতে এ অর্থ ব্যয় করা হবে।

শনিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থার ঢাকা কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আর্থিক সহায়তা মূলত সরকারি রাজস্ব সংগ্রহ ব্যবস্থা উন্নয়ন, করনীতির স্বচ্ছতা, ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং দুর্নীতি প্রতিরোধে সরকারি সেবায় ই-প্রকিউরমেন্ট চালুর মতো সংস্কারমূলক পদক্ষেপে খরচ করা হবে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, বাংলাদেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য সরকারি আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি। এই অর্থায়ন দেশের নীতিমালাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

বিশ্বব্যাংকের অর্থায়নের আওতায় যেসব মূল উদ্যোগ হবে, সেগুলো হচ্ছে- জাতীয় সংসদের মাধ্যমে কর অব্যাহতির সিদ্ধান্ত নেওয়াকে আরও স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে আনা; ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা; ২০২৭ সালের মধ্যে প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন জনগণের সামনে উন্মুক্ত করার কৌশল প্রণয়ন; সরকারি কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক করার পাশাপাশি দরপত্র প্রক্রিয়ার আরও প্রতিযোগিতামূলক করা।

বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেন, এই অর্থায়ন স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নাগরিকদের চাহিদা পূরণে সরকারকে সহায়তা করবে। পাশাপাশি দুর্যোগ বা অর্থনৈতিক ধাক্কায় দরিদ্র পরিবারগুলোর জন্য সহায়তা নিশ্চিত করবে।

সারাবাংলা/আরএস