Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপে এখনো অপরাজিত ৪ ব্রাজিলিয়ান ক্লাব

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৫ ১৪:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩২ দলের ক্লাব বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে অংশ নিয়েছে ৬টি ক্লাব। এর মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব ৪টি। বিশ্বকাপের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো অপরাজিত ব্রাজিলিয়ান ক্লাবগুলো। ফ্লামেঙ্গো, পালমেইরাস, বোতাফোগো ও ফ্লুমিনেন্স; এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবগুলোকে হারাতে পারেনি কেউই।

ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘ডি’তে খেলছে ফ্লামেঙ্গো। গ্রুপ পর্বের দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। প্রথম ম্যাচে এস তুনিসকে ২-০ গোলে হারিয়েছে ফ্লামেঙ্গো। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশ ক্লাব চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। টানা দুই জয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে ফ্লামেঙ্গো।

বিজ্ঞাপন

এবারের আসরে আরেক বিস্ময়ের নাম বোতাফোগো। গ্রুপ বি এর প্রথম ম্যাচে সিয়াটল থান্ডার্সকে ২-১ গোলে হারিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ১-০ গোলে হারিয়ে হইচই ফেলে দিয়েছে বোতাফোগো। ২ ম্যাচে ২ জয়ে অনেকটাই নিশ্চিত তাদের দ্বিতীয় রাউন্ডে খেলা।

গ্রুপ ‘এ’ তে খেলছে পালমেইরাস। নিজেদের প্রথম ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারিয়েছে পালমেইরাস।

গ্রুপ ‘এফ’ এ এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছেন তারা।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৭টি ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। এর মধ্যে ৫ ম্যাচেই এসেছে জয়, দুটি ম্যাচ হয়েছে ড্র।

সারাবাংলা/এফএম