Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়: জাতীয় সংস্কার জোট

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৪:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছি। এর মধ্য দিয়ে দেশে কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তাই এখানে কোনো বিভাজন করা ঠিক হবে না। এজন্য সবার আগে সংস্কার করতে হবে। এরপরই নির্বাচন। অর্থাৎ সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

শনিবার (২১ জুন) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘জুলাই সনদ-সংস্কার, বিচার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ৩৫টি রাজনীতির দলের সমন্বয়ে এ সভার আয়োজন করে জাতীয় সংস্কার জোট।

বক্তারা বলেন, একটি দল নির্বাচনের জন্য উঠেপড়ে লেগেছে। কিন্তু সংস্কারবিহীন নির্বাচন আমরা চাই না। আজকে সময় আসছে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। বর্তমান বাংলাদেশের অবস্থা ফ্যাসিস্টদের আমলের চেয়েও ভয়াবহ। আগে টাকা দিতে হতো একজনকে। এখন টাকা দিতে হয় অনেকজনকে। দেশে ব্যবসা বাণিজ্য নেই। জুলাই আন্দোলন যে উদ্দেশ্যে হয়েছিল, তার সব কিছু উল্টো হচ্ছে। দেশ গভীর সংকটময় সময় পার করছে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, নির্বাচন কখনো গণতন্ত্র দিতে পারবে না। যদি না আমরা সচেতন না হই। আমরা কী প্রজা না নাগরিক সেটি আগে ঠিক করতে হবে। এছাড়া আমরা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারকে দেখেছি। ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে, তারা সুশাসনের নামে অতীতের কাজগুলো করলে আমরা আবারও রুখে দাঁড়াব।

জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারীর (অব.) সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লে. জেনারেল আমিনুল করিম (অব.), জনতার দল বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল আমসাআ আমিন (অব.), জনতার পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা প্রমুখ।

সারাবাংলা/আরএম/ইআ