Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

করোনা মোকাবেলায় যোগব্যায়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ: চসিক মেয়র

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার (২১ জুন) বিকেলে চিটাগং ক্লাবে এক অনুষ্ঠানে মেয়র একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘যোগব্যায়াম একটি প্রাচীন ভারতীয় ঐতিহ্য, যা শরীর ও মনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এটি শুধু একটি ব্যায়াম নয়, বরং মানব ও প্রকৃতির মধ্যে ঐক্য, আত্মসচেতনতা এবং সার্বজনীন মানবিক চেতনার অনুশীলন। আধুনিক জীবনের দুশ্চিন্তা, উদ্বেগ ও বিচ্ছিন্নতার মধ্যে যোগব্যায়াম আমাদের ভারসাম্য ও অন্তঃশান্তির পথ দেখায়।’

বিজ্ঞাপন

করোনা পরবর্তী বিশ্ব বাস্তবতায় সুস্থ শরীর গড়ার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন,‘করোনা ভাইরাস আমাদের শিখিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মানসিক প্রশান্তি কতটা জরুরি। এ জায়গায় যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত যোগচর্চা মানুষকে ভেতর থেকে সুস্থ রাখে এবং সংকট মোকাবিলায় আত্মবিশ্বাস জোগায়।’

যোগব্যায়ামে অংশ নেন নারীরাও।

চট্টগ্রাম শহরে যোগচর্চার প্রসার সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের নগরবাসীর মধ্যে যোগব্যায়ামের আগ্রহ ক্রমেই বাড়ছে। আমি বিশ্বাস করি, স্কুল, কমিউনিটি সেন্টার এবং কর্মক্ষেত্রগুলোতে নিয়মিত যোগচর্চা অন্তর্ভুক্ত করা হলে নাগরিকদের স্বাস্থ্য ও মনোবল অনেক উন্নত হবে।’

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বক্তব্য দেন।

ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে এ আয়োজনে সহযোগিতা দিয়েছে চিটাগাং ক্লাব, ফোরএইচ গ্রুপ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন। এতে বিভিন্ন বয়সী যোগচর্চাকারী, শিক্ষার্থী, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সারাবাংলা/এসডব্লিউ