Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র


২২ জুন ২০২৫ ০৮:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ কথা জানান। খবর রয়টার্সের।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম ফোরদো পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

সরকারি আরআরএনএ সংবাদ সংস্থা নাতানজে এবং ইসফাহানে হামলার বিষয়টি নিশ্চিত করছে।

এতে ইসফাহানের গভর্নরের সহকারী আকবর সালেহির উদ্ধৃতি দেওয়া হয়েছে, তিনি বলেছেন: “আমরা ইসফাহান এবং নাতানজের পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা প্রত্যক্ষ করেছি।”

সালেহি বলেন, ইসফাহান এবং নাতানজে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স একাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে, ‘শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা শেষ হয়ে গেছে।’ খবর আল জাজিরার।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তিনি আজ ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।