Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুমের ঘটনা ‘ব্যাপক ও পরিকল্পিত অপরাধ’, বললেন চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী গুমের ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় বরং এগুলো একই ধরনের কৌশলে সংঘটিত হওয়ায় ‘ব্যাপক ও পরিকল্পিত (ওয়াইডস্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক) অপরাধ’ হিসেবে চিহ্নিত হয়েছে। এ কারণে এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের আওতায় বিবেচনা করা হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, তদন্তে এখন পর্যন্ত এমন ২৫১ জন গুমের শিকার ব্যক্তির তথ্য পাওয়া গেছে, যারা আর ফিরে আসেন নি। এসব ঘটনার তদন্তে একই ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য বারবার উঠে আসছে। এই ধারাবাহিকতা বিবেচনায় ঘটনাগুলোকে ‘ওয়াইডস্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক ক্রাইম’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিন গুমের শিকার ৫৫টি পরিবারের সদস্য চিফ প্রসিকিউটরের কার্যালয়ে উপস্থিত হন। তাদের জবানবন্দি গ্রহণের কার্যক্রম পরিচালনা করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ব্রিফিংয়ের সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম বলেন, গুমের ঘটনাগুলোর তদন্ত শুরুর পর কিছু অভিযুক্তের তৎপরতা বেড়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার চলছে, তাদের গতিবিধির ওপর নিবিড় নজরদারি প্রয়োজন।

তিনি আরও বলেন, গুমের শিকার প্রতিটি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্ত যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় বা কেউ নাশকতার মাধ্যমে তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, অপরাধীদের নিরাপদ বা নিরীহ মনে করার সুযোগ নেই। তারা যেকোনো সময় পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। একই সঙ্গে তিনি সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং গুমের শিকার পরিবারগুলোকেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর