Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এনবিআর কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার (২৯ জুন) কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক।

রোববার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আজ (রোববার) এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

প্রসঙ্গত: আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

বিজ্ঞাপন

এ প্রেক্ষিতে আগামী ১ জুলাই ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এর সঙ্গে সরকারের যে বৈঠক হওয়ার কথা, তা শেষ পর্যন্ত হবে কি না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

উল্লেখ্য, রোববার দুপুরের দিকে জানা গিয়েছিল যে, আজ বিকেল চারটায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হবে। এ জন্য আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডারের ২০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সদস্য চূড়ান্ত করা হয়েছে। এতে নেতৃত্ব দেবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার। কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি আর হচ্ছে না।

সারাবাংলা/আরএস