ঢাকা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
বিজিবির এই কর্মকর্তা বলেন, বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে কার্যকর যোগাযোগের প্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে কুমিল্লা সীমান্তে বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ফেরত আনা হয়েছে।
শরীফুল ইসলাম বলেন, আজ দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী মেইন পিলার ২০৫৯-এর নিকটে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফ ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃত দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
এর আগে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পুলিশ সদস্যরা এক মাদককারবারির উপস্থিতি টের পেয়ে তাকে ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে ভারতীয় বাসিন্দারা তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার রাত থেকেই দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন।