Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৫:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।

এরইমধ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, নগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সবাই দাঁড়িয়ে জুলাই শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এক মিনিট নীরবতা পারন করেন।

এদিকে অনুষ্ঠান শুরুর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া এই অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে থাকবেন। গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির প্রথমটি এটি। এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইতোমধ্যে বিএনপি ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে আছে বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্তত ২২টি ভিন্নধর্মী আয়োজন।

মঙ্গলবার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জালনে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি পালনের মধ্য দিয়ে জুলাই-আগস্টে বিএনপির কর্মসূচি শুরু হয়েছে।

সারাবাংলা/এজেড/ইআ