Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পূর্ব শত্রুতার জেরেই বগুড়ায় জোড়া খুন ও ডাকাতি: পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ২০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: পূর্ব শত্রুতার জেরেই বগুড়ায় জোড়া খুন ও ডাকাতির ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও রহস্য উদঘাটনের পর আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জানা গেছে, ডাকাতরা ৮ জুলাই গভীর রাতে আফতাব উদ্দিনকে ঘর থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে পাশের ঘরে ঢুকে তার পুত্রবধূ রিভা খাতুনকে (২৭) একইভাবে খুন করে। এ সময় ঘরে থাকা শিশু রুকাইয়া তাসনিম মালিহা (৫) বেঁচে যায়। ডাকাতরা তাকে চোখ বন্ধ করে রাখার হুমকি দেয়। এরপর ঘর থেকে স্বর্ণালংকার, দুটি মোবাইল ও ৬ লাখ ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশের এই কর্মকর্তা বলেন, আফতাব উদ্দিনের পুরোনো কর্মচারী আব্দুল মান্নান এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি আগে আফতাবের সেচ পাম্পে কাজ করতেন। অসামাজিক কার্যকলাপের কারণে তাকে বাদ দেওয়া হলে ক্ষোভ থেকে তিনি এই হত্যাকাণ্ড ও ডাকাতির পরিকল্পনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে হাকিম ও মান্নানকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুড়িগ্রামের চর জামাল গ্রামে অভিযান চালিয়ে রফিকুলকে ধরা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সোনার দুল, চুড়ি, আংটি, দুটি মোবাইল ফোন, একটি ঘড়ি ও ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি পলাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, এর আগে গত ৮ জুলাই গভীর রাতে দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামের বাড়িতে প্রবেশ করে শ্বশুর আফতাব উদ্দিন (৬৫) ও পুত্রবধূ রিভা খাতুন (২৭) কে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন সকালে নিহতের মেয়ে মালিহা তার মা রিভাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে চিৎকার করে। তার চিৎকারে স্থানীয় ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার তিনজন ডাকাত চক্রের সদস্য। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়ার বেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিম (৩৪), লক্ষ্মীমণ্ডপ গ্রামের আব্দুল মান্নান (৫০) ও আদমদীঘির বাসিকোড়া গ্রামের রফিকুল ইসলাম (৪১)। গ্রেপ্তারদের মধ্যে হাকিম ডাকাতদের সর্দার। তার বিরুদ্ধে সাতটি ডাকাতির মামলা রয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো