Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আপিল বিভাগে সংবাদ সংগ্রহের সুযোগ চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৬ ১৬:৪৬

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে আগামী ২৫ অক্টোবর থেকে সাংবাদিকদের প্রবেশ ও সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। এ বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে ফের চিঠি দিয়েছে সংগঠনটি।

সোমবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর কাছে চিঠিটি হস্তান্তর করা হয়।

এসআরএফের সভাপতি মো. দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ আদেশ, রায় এবং বিচারাঙ্গনের বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জানাতে দীর্ঘদিন ধরে সাংবাদিকরা কাজ করে আসছেন। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রেখে ইতিবাচক ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে সংগঠনটির সদস্যরা সবসময় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশের সুযোগ না থাকায় গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি প্রত্যক্ষ করে সংবাদ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ফলে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম নিয়ে নির্ভুল ও পূর্ণাঙ্গ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের বিভিন্ন সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে এর আগেও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যায়নি।

এসআরএফের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকরা আদালতের বিচারিক কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চান না। বরং আদালতের শৃঙ্খলা ও মর্যাদা অক্ষুণ্ন রেখে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সংবাদ সংগ্রহ করতে চান তাঁরা।

চিঠিতে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর উদাহরণ তুলে ধরে বলা হয়, বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহি ও জনসাধারণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার স্বার্থে আদালতের উন্মুক্ত কার্যক্রম সম্পর্কে সংবাদ পরিবেশনের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের এজলাসে প্রবেশের সুযোগ দেওয়া হলে বিচারিক কার্যক্রম সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছানো সহজ হবে। পাশাপাশি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।

সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠিটি হস্তান্তর করেন এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ ইমন মাহমুন, দপ্তর সম্পাদক রাব্বি হোসেন, কার্যনির্বাহী সদস্য সৈয়দা সাবরিনা মজুমদার এবং সদস্য তুলনা আফরিন, নাজমুল হুদা, জুনাইদ আল হাবিব ও ইমদাদুল আজাদ।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর