Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের তালিকা তৈরিতে ৬ সদস্যের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১০:২৪

ঢাকা: উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের নাম-ঠিকানাসহ একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ জুলাই) গঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-

  • উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম
  • প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার
  • কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা
  • অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি)
  • শিক্ষার্থী প্রতিনিধি মারুফ বিন জিয়াউর রহমান
  • মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক (দ্বাদশ শ্রেণি)

কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নির্ভরযোগ্য তথ্য যাচাই করে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন কেবল অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য নয়, প্রয়োজনে সরকার, উদ্ধারকারী সংস্থা ও অন্যান্য সহায়তাকারী সংস্থার কাছেও তা হস্তান্তর করা হবে।

এরইমধ্যে অধ্যক্ষের সইয়ে গঠিত কমিটির প্রজ্ঞাপন ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে এবং কমিটি সদস্যরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

এছাড়া, দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি, উদ্ধার ও চিকিৎসাসেবা, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতি নিরূপণে পৃথকভাবে প্রশাসনিক কর্মকর্তারাও পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন। ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

সারাবাংলা/এফএন/এনজে