Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মাইলস্টোনের শিক্ষক মেহেরীন চৌধুরীর সমাধিতে জেলা প্রশাসকের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৩:১১

নীলফামারী: ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরীন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বুধবার (২৩ জুলাই) সকালে জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মরহুমার সমাধিস্থলে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় তিনি মেহেরীন চৌধুরীর আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব এ.এফ.এম তারিক হোসেন খান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও মরহুমার পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২১ জুলাই ঢাকায় বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন সাহসী শিক্ষক মেহেরীন চৌধুরী। এরপর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার পর তিনি মারা যান। চিকিৎসকদের মতে, তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। সোমবার নীলফামারীর জলঢাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সারাবাংলা/ইআ