Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাকৃবিতে শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৫ ছাত্রী বহিষ্কার

বাকৃবি করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২৩:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘জুলাই ৩৬’ হলের ১৫ ছাত্রীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬’ হলে কিছু শিক্ষার্থীর উচ্ছৃঙ্খল আচরণের বিষয়ে তদন্তে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ১৩ জুলাই অনুষ্ঠিত ‘বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন’ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিন’-এর ১৩ ধারা অনুযায়ী শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে—চারজনকে দুই সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার, দুইজনকে এক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম এবং দুই সেমিস্টারের জন্য হল থেকে বহিষ্কার, ছয়জনকে এক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার, দুইজনকে শুধু হল থেকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং একজনকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে ‘জুলাই ৩৬’ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তাহসিন ফারজানা বলেন, “হলের নাম পরিবর্তন নিয়ে একটি ঘটনা ঘটেছিল। তার প্রেক্ষিতে প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি বিগত ছয় মাস তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ করেছে।”

প্রসঙ্গত, ৯ জানুয়ারি রাতে শিক্ষার্থীরা ‘জুলাই ৩৬ হল’ নাম পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করে। তারা হলের পূর্বনাম ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ পুনর্বহালের দাবি জানান। এর আগে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৩২৭তম সিন্ডিকেট সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘জুলাই ৩৬ হল’ রাখা হয়।

সারাবাংলা/এসএস