সিরাজগঞ্জ: যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে পাবনার চরবর্ণিয়া পর্যন্ত ৪৫ কিলোমিটার সড়ক টেকসইভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এম.এ. মুহিত।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপসী হাই স্কুল মাঠের কালিবাড়িতে দুর্গাপূজা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়ছে। বিশেষ করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রুপসী গ্রামের ব্যবসায়ী মেরাজুল ইসলাম স্বপন বলেন, প্রকল্পটি অনুমোদনের পর দ্রুত দরপত্র আহ্বান করে নির্মাণকাজ শুরু করা প্রয়োজন। সড়কটি টেকসইভাবে নির্মিত হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড ও চিকিৎসাসেবা নেওয়া সহজ হবে।
প্রতিমন্ত্রীর ঘোষণায় আশাবাদী স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।