Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ১৩:৫৪

বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটির ৪র্থ দ্বিবার্ষিক সম্মেলন। ছবি: প্রতিনিধি

ঢাকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ‘সমন্বিত ব্যবস্থার ফলে হামের মতো একটা যে ভয়ঙ্কর ইনফেকশন চলছিল, সেটাকে আমরা নিয়ন্ত্রণের পর্যায়ে আনতে পেরেছি। মাত্র এক-দেড় মাসের ভেতরে ২ কোটির মতো শিশুকে আমরা টিকার আওতায় নিয়ে এসেছি। এটা বিশ্বে বিরল। আমরা একটা ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থার উত্তরাধিকার। কাজেই এই পুরো স্বাস্থ্যব্যবস্থাকে আমাদের ঢেলে সাজাতে হবে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটির ৪র্থ দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সরকার গঠনের পরপরই মাত্র ১৫ দিনের মাথায় হঠাৎ করে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ঘটে। আমরা তখন দ্রুতগতিতে ব্যবস্থা নিলাম এবং প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বসে সরাসরি নির্দেশনা দিলে আমরা সঙ্গে সঙ্গেই হাম প্রতিরোধে কাজ শুরু করি। টিকার কোনো স্টক বিগত সরকার রেখে যায়নি। ৬ থেকে ৭ মাস আগে যে একটা স্পেশাল ক্যাম্পেইন ডিসেম্বরে হওয়ার কথা ছিল, সেটা হয়নি। সেই বছর জুড়েও সেটা যেকোনো সময় হতে পারত, সেটাও বিগত সরকার করেনি। এই দু’টো কারণে এই হামের প্রাদুর্ভাবটা ঘটেছে।’

তিনি বলেন, ‘আমরা অতি অল্প সময়ে এক থেকে দেড় মাসের ভেতরে প্রথম রাউন্ডে একটি টিকা ক্যাম্পেইন অর্গানাইজ করলাম। সেটাও খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ অনেক টিকাকর্মীদের বিগত কয়েক মাস ধরে বেতন বন্ধ ছিল এবং মাঠ পর্যায়ে টিকা কর্মসূচি পরিচালনার জন্য যে সিস্টেমগুলো ছিল, সেগুলো ভেঙে পড়েছিল।’

স্বাস্থ্য খাতে পরিবর্তনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘এরইমধ্যে আমরা সারাদেশে উপজেলা ও জেলা পর্যায়ে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করেছি। আমরা বাজেট দিয়েছি সর্বোচ্চ স্বাস্থ্য খাতে। এরইমধ্যে আমরা ভিত্তি ঘোষণা করেছি এবং পরিকল্পনা নিয়ে সেটা ডিজাইন করা পর্যন্ত কাজ চলছে। আমরা প্রত্যেকটি উপজেলায় ১৫০ বেডের হাসপাতাল তৈরি করব। হাসপাতালগুলোতে কীভাবে রোগীদের ব্যবস্থাপনা আরও ভালো করা যায়, সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’

ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘হামকে যেমন আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, পাশাপাশি আমরা ডেঙ্গু শুরু হওয়ারও চার-পাঁচ মাস আগেই আনুষ্ঠানিকভাবে বৈঠক করে সংবাদ মাধ্যমে জানিয়েছি যে, অক্টোবর-নভেম্বর মাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে। আমরা আগস্ট মাস থেকেই কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রী নিজে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরির জন্য সংসদের দক্ষিণ প্লাজায় প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক তরুণদেরকে নিয়ে একটা দেশব্যাপী কর্মসূচি করেন, যেখানে ৬৪ জেলা থেকে তরুণ স্বেচ্ছাসেবকরা সম্পৃক্ত ছিল, যারা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সম্পৃক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা ডেঙ্গু প্রতিরোধ এবং ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে একসঙ্গে কাজ করছি। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, লার্ভা নিধন—এই কাজগুলোর জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করি। এরইমধ্যে ঢাকাসহ প্রতিটা সিটি করপোরেশনে বিগত কয়েক মাস ধরেই লার্ভা নিয়ন্ত্রণের কাজ চলছে। হাসপাতালের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যে জায়গা থেকে বেশি রোগী ভর্তি হচ্ছে, সেই হটস্পটগুলোকে ডেইলি বেসিসে চিহ্নিত করা হচ্ছে এবং সেই হটস্পটে গিয়ে লার্ভা খুঁজে বের করে নিধন করার কাজ নিয়মিত চলছে।’

 

চলতি বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের ডেঙ্গুর পিক হয়েছিল সম্ভবত ২০১৯ সালে। ২০১৯ সালের তুলনায় এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কম। ২০১৯ সালের তুলনায় এ বছর কিন্তু আপনার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অনেক কম। এমনকি ২০২৩ সালে, বিগত ফ্যাসিস্ট সরকারের শেষ বছরে যে পরিমাণ আক্রান্ত এবং মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে, আমরা এসে এই অল্প সময়ের ভেতরে এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও ডেঙ্গুকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

‘মশক নিধন কর্মসূচি একেবারেই নেই’ বলে অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘না, এটা কিন্তু ঠিক না। আসলে আছে, প্রয়োজন ও চাহিদা অনুযায়ী করা হচ্ছে। শুধু মশক নিধন তো যথেষ্ট না, মশক হওয়ার পরে তো নিধন করব। আমরা চাচ্ছি যে মশা হবে না, সেই পরিবেশটা তৈরি করতে। পরিবেশটা ভালো করলে মশা যদি না থাকে, ডেঙ্গু যদি না হয়, তাহলে আপনি আপনার সন্তান কিংবা বৃদ্ধ পিতামাতাকে ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে পারবেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর