ঢাকা: ‘জুলাই সনদের অঙ্গীকারনামা’ শিরোনামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম ও লেটারহেড ব্যবহার করে ছড়ানো একটি বিবৃতিকে সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা বলে দাবি করেছে দলটি।
শনিবার (২ আগস্ট) বিকেলে এক বার্তায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এটি একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা। পতিত ফ্যাসিবাদী শক্তির নেতাকর্মীরা এ ধরনের মিথ্যা বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
দলটির পক্ষ থেকে বলা হয়, এনসিপি এ ধরনের কোনো অঙ্গীকারনামা প্রকাশ করেনি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা, যার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া বিজ্ঞপ্তিটিতে ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’-কে ‘দ্বিতীয় স্বাধীনতা’ ঘোষণা করা, আন্দোলনের নিহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদান, এনসিপিকে নেতৃত্বদানকারী দল হিসেবে মান্যতা, বিশেষ কোটা সুবিধা, এমনকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসন সংরক্ষণের দাবি করা হয়।
রোববার (৩ আগস্ট) আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে এনসিপি। এই ঘোষণার আগ মুহূর্তে বিভ্রান্তি তৈরির জন্যই এমন ভুয়া বিজ্ঞপ্তি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে বলে দাবি করেছে দলটি।
দলীয় সূত্রে আরও জানানো হয়, ৩ আগস্টের ঘোষণায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে দলটির অবস্থান ও পরিকল্পনা উপস্থাপন করা হবে। তবে সেটি ভুয়া বিজ্ঞপ্তিতে ছড়ানো দাবি থেকে সম্পূর্ণ আলাদা ও বাস্তবসম্মত হবে।