চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডিবি পুলিশ (দক্ষিণ) বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় মো. রুহুল আমিন নামের এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গ্রেফতার ট্রাকচালক মো. রুহুল আমিন (৪৫) পাবনা জেলার আতাইকুলা থানাধীন ধর্মগ্রামের সোহরাব আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদক নিয়ে নগরীর কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে—এমন
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে চেকপোস্ট বসানো হয়। পরে রাত সোয়া ২টার দিকে ট্রাকটি সেখানে পৌঁছালে সেটি আটক করা হয়।
এ সময় ট্রাকচালক রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। পরে তিনি নিজ হাতে ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বের করে দেন। ইয়াবা পরিবহণে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া রয়েছে বলেও জানানো হয়েছে।