Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণহত্যা: হাসিনা-কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হচ্ছে অক্টোবরে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৩:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামী অক্টোবরের মধ্যেই সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

রোববার (১৭ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রসিকিউটর মিজানুল বলেন, এ মামলায় তদন্ত কর্মকর্তা ছাড়া সাক্ষীদের (মেটেরিয়াল উইটনেস) সাক্ষ্যগ্রহণ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা যাবে বলে আমরা আশা করছি। খুব বেশি হলে পরের মাস তথা অক্টোবরের প্রথম সপ্তাহে যেতে পারে।

ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ চলছে। এরইমধ্যে আজ দুই জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। তারা হলেন- সবজি বিক্রেতা আবদুস সামাদ ও মিজান মিয়া। তাদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

এদিন সকালেই এ মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর