Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফার্মেসি বিভাগের ল্যাব ও শ্রেণি সংকট দূরীকরণের আশ্বাস ইবি উপাচার্যের

ইবি করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের ল্যাব ও শ্রেনি সংকট দূরীকরণের আশ্বাস দিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘তোমরা যারা আজকে এই বিভাগ থেকে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে পার করছো, এক সময় ফিরে তাকালে তোমরাই খুশি হবে। আর আমি সেই ব্যাপারে চেষ্টা করবো। আমাদের ১০তলা একাডেমিক ভবনের কাজ শেষ হলে তোমাদের শ্রেণি সংকট নিরসন হবে। আমরা তোমাদের ল্যাব ও শিক্ষক সংকট দূরীকরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো। আশা করি দ্রুতই সকল সংকট কেটে যাবে। এ ছাড়া, তোমরা যারা বিদেশে উচ্চ শিক্ষাগ্রহণ করতে চাও তোমাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় সর্বাত্মক সহযোগিতা করবে।’

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ফার্মেসি বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘চাকরির বাজারে এই বিভাগের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। স্নাতকোত্তর শেষ হওয়ার আগেই এ বিভাগের শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। আমাদের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম চিকিৎসা। ঔষধের যোগান দিয়ে থাকেন এই বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগের চাহিদা বিশ্বব্যাপী সমাদৃত।’

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ২০১৭-২৮ শিক্ষাবর্ষের প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিব হোসেইন ইফতি ও নাফিছা আক্তার।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো