Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে, স্মরণ নয়—এবার চাই কার্যকর পদক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ২৩:২৬

ঢাকা: রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং সড়ক নিরাপত্তার গুরুত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরতে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় রোববার পালিত হয় ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ বা রোডক্র্যাশে হতাহতদের স্মরণ দিবস। বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলেও প্রশ্ন উঠেছে, কেবল স্মরণ, শোক প্রকাশ ও সচেতনতামূলক কর্মসূচির মধ্যেই কি দায়িত্ব সীমাবদ্ধ থাকবে, নাকি সড়কে প্রাণহানি বন্ধে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ?

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্যামলী পার্ক মাঠে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উদ্যোগে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট (স্টেপস) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সড়কে প্রাণহানি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়। এছাড়া, এদিন রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

প্রতিবছর বাংলাদেশের সড়কে যে পরিমাণ প্রাণহানি ঘটছে, তা নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি গুরুতর জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর রোডক্র্যাশে প্রায় ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, প্রতিবছর গড়ে প্রায় পাঁচ হাজার মানুষ সড়কে প্রাণ হারান। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্যেও দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি দেখা যায়। তথ্যের এই বিশাল ব্যবধানই প্রমাণ করে, দেশে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র নির্ধারণে একটি সমন্বিত ও নির্ভরযোগ্য কেন্দ্রীয় তথ্যভান্ডার কতটা জরুরি।

বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে পাঁচ হাজার ৮৫৬টি রোডক্র্যাশে পাঁচ হাজার ৪৮০ জন নিহত হয়েছেন। চলতি বছরের প্রথম ছয় মাসেই তিন হাজার ৩৯টি দুর্ঘটনায় অন্তত দুই হাজার ৯৪৩ জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ জন মানুষ সড়কে প্রাণ হারাচ্ছেন। এই পরিসংখ্যানের প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি স্বপ্ন এবং অসংখ্য মানুষের বেঁচে থাকার সংগ্রাম। একজন উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে একটি পরিবার যেমন অর্থনৈতিক সংকটে পড়ে, তেমনি একজন মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করলে তাঁর নিজের পাশাপাশি পুরো পরিবারকে দীর্ঘমেয়াদি দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়।

রোডক্র্যাশ প্রতিরোধে দেশে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ পরিবহন খাতের শৃঙ্খলা ও ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ হলেও সড়ক নিরাপত্তার সামগ্রিক ঝুঁকি মোকাবিলায় এগুলো যথেষ্ট নয়। কারণ, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু যানবাহন, চালক কিংবা ট্রাফিক আইন নিয়ন্ত্রণের বিষয় নয়। এর সঙ্গে সড়কের নকশা ও অবকাঠামো, গতিসীমা নির্ধারণ, পথচারীর নিরাপত্তা, নিরাপদ যানবাহন, চালকের দক্ষতা, আইন প্রয়োগ এবং দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিৎসাব্যবস্থা সরাসরি জড়িত। ফলে এসব বিষয়কে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে পৃথক ও পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন জরুরি।

অনুষ্ঠানে রোডক্র্যাশে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে সড়ক নিরাপত্তাকে রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা, দুর্ঘটনার প্রকৃত তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় তথ্যভান্ডার গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকদের মতে, রোডক্র্যাশে নিহত ব্যক্তিদের স্মরণ করার পাশাপাশি এমন একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলাই হওয়া উচিত এ দিবস পালনের মূল লক্ষ্য, যেখানে প্রতিটি মানুষের নিরাপদে চলাচল ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর