ঢাকা: জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্ন করতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা দাঁড়ালে সরকারি দলের কতিপয় এমপির টিপ্পনী ও হইচইয়ের ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে জামায়াতের আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদীয় শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে মর্যাদাপূর্ণ ও পরিচ্ছন্ন রাখতে হবে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে। মাগরিবের বিরতির আগের পর্বে ডেপুটি স্পিকার কায়সার কামালের পরিচালনায় প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আমির হামজা ৫৪৩ নম্বর তারকাচিহ্নিত প্রশ্নটি উত্থাপন করার জন্য আসন থেকে দাঁড়ান। ঠিক সেই মুহূর্তেই সরকারি দলের কিছু সংসদ সদস্য হইচই শুরু করেন। পরে পরিবেশ শান্ত হলে তিনি খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার কাছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি বিষয়ে প্রশ্ন করেন এবং সম্পূরক প্রশ্নও উত্থাপন করেন।
মাগরিবের বিরতির পর সংসদের সভাপতিত্বে আসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ওয়ায়েজিন হিসেবে পরিচিত এমপি আমির হামজার নাম উল্লেখ করে যেভাবে কটূক্তি ও টিপ্পনী কাটা হয়েছে, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ও মর্যাদার পরিপন্থী। তিনি স্পিকারকে হাউসের অভিভাবক হিসেবে এ বিষয়ে সুনির্দিষ্ট রুলিং দেওয়ার অনুরোধ জানান।
সদস্যদের বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৫ বছরের দীর্ঘ দুঃসময় ও লড়াইয়ের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। দেশের মানুষ অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন সংসদের কার্যক্রম অনেক বেশি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সুতরাং, সংসদ সদস্যদের আচার-আচরণ ও কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই জনগণের সামনে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি তৈরি হবে।
অতীতের ক্লেদাক্ত রাজনীতির প্রসঙ্গ টেনে স্পিকার আরও বলেন, বিগত দিনে সংসদ সদস্যদের ওপর নানা নির্যাতন ও অগণতান্ত্রিক আচরণ চালানো হয়েছে। দীর্ঘ সেই অন্ধকার সময় পেছনে ফেলে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও আস্থাশীল সংসদ গড়ে তুলতে হবে। এ জন্য ট্রেজারি বেঞ্চ, বিরোধী দল এবং স্বতন্ত্র সব পক্ষের সংসদ সদস্যকেই সমানভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে।
সংসদ সদস্যদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পরমতসহিষ্ণুতা প্রদর্শনের তাগিদ দিয়ে স্পিকার বলেন, বাক্স্বাধীনতার পূর্ণ অধিকার সবার রয়েছে, তবে এমন কোনো আচরণ বা শব্দ ব্যবহার করা উচিত নয় যা অন্য কোনো সদস্যের মানসম্মান ক্ষুণ্ন করে। কোনো সদস্য আপত্তিকর শব্দ ব্যবহার করলে তা যেমন কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে, তেমনি প্রয়োজনে অন্য সদস্যদেরও জবাব দেওয়ার পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি।