Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাবল সেঞ্চুরির পর হৃদয়ের সেঞ্চুরি, কাছাকাছি লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ২২:০৩

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টে ডাবল সেঞ্চুরি। এবার দক্ষিণ আফ্রিকায় গিয়ে তার পরের ম্যাচেই সেঞ্চুরি তুলে নিলেন তাওহীদ হৃদয়। শুরুতেই কাগিসো রাবাদার তোপে বিপর্যস্ত বাংলাদেশকে ব্যাট হাতে লড়াইয়ে ফিরিয়েছেন এই তরুণ মিডল অর্ডার ব্যাটার। এদিকে হৃদয়ের সঙ্গে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছেন লিটন দাসও। দুজনের প্রতিরোধে জোহানেসবার্গ টেস্টে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে কাগিসো রাবাদার ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছিল বাংলাদেশ। অল্প রানেই পতন হয় তিন উইকেট। এমন কঠিন পরিস্থিতিতেই দায়িত্ব কাঁধে তুলে নেন হৃদয়। প্রথমে তানজিদ হাসান তামিমকে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। পরে লিটন দাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর পাল্টা চাপ তৈরি করে তুলে নিয়েছেন দুর্দান্ত আরেকটা সেঞ্চুরি। লিটনও এগুচ্ছেন সেঞ্চুরির দিকে।

বিজ্ঞাপন

সেঞ্চুরিয়ান হৃদয় পরে ফিরেছেন ব্যক্তিগত ১৩৭ রানের মাথায়। সেখানেই দিনের খেলা শেষ হয়েছে। দিন শেষে লিটন অপরাজিত ৯২ রানে। বাংলাদেশের রান ৬ উইকেটে ৩২৭।

ক্যারিয়ারের মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমে এটি হৃদয়ের দ্বিতীয় শতক। ১৯৪ বল মোকাবিলা করে তিন অঙ্কের ঘরে পৌঁছান তরুণ ব্যাটার। শেষ পর্যন্ত ২২৭ বল খেলে ১৪টি চার ১টি ছয়ে ফিরেছেন ১৩৭ রানে। আগের টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন হৃদয়।

অথচ দিনের শুরুটা ছিল বাংলাদেশের জন্য রীতিমতো দুঃস্বপ্নের। দলীয় রান ২২ হওয়ার আগেই সাজঘরে ফিরে যান প্রথম তিন ব্যাটার। একাই তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন রাবাদা।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই রাবাদার শিকার হন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। আউটসাইড অফে করা বলটি খোঁচা দিয়ে গালি অঞ্চলে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ তুলে দেন অভিষিক্ত রবিন। এরপর নিজের দ্বিতীয় ওভারে মুমিনুল হককে ফিরিয়ে দেন রাবাদা। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানেই ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।

দ্রুত দুই উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম মিলে ২০ রানের জুটি গড়েন। তবে সেই রাবাদার বলেই বোল্ড হয়ে অধিনায়ক নাজমুলকে ফিরতে হয়। এরপর চতুর্থ উইকেটে তানজিদ ও হৃদয়ের ৯৯ রানের জুটি কিছুটা স্বস্তি ফেরায় বাংলাদেশ শিবিরে।

ব্যাট হাতে সাবলীল ছিলেন তানজিদও। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুবিধা করতে না পারা তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারিতে ৬৭ রান করে ফেরেন। তানজিদকেও ফেরান সেই রাবাদা। প্রোটিয়া তারকা পেসারের একই ওভারে ব্যাটিংয়ে নেমেই গোল্ডেন ডাকের শিকার হন মুশফিকুর রহিম।

তখন বাংলাদেশের সামনে বড় বিপর্যয়ের শঙ্কা। সেই পরিস্থিতি থেকেই হৃদয় ও লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর গল্প লিখছে বাংলাদেশ। হৃদয় বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়ে ফিরেছেন। লিটনের ব্যাটে এখন বাংলাদেশের স্কোর বড় করার স্বপ্ন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর