ঢাকা: রাজধানীর রামপুরা ওয়াবদা রোডে চাঁদার দাবিতে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওয়াবদা রোডে তাকওয়া মসজিদের পাশে ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামে প্রতিষ্ঠানে গুলির এই ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের গুলিতে আহতরা হলেন- প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)।
নেটওয়ার্ক প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই দুই কর্মীচারীসহ আরও কয়েকজন অফিসে বসে তাদের কাজ করছিলেন। হঠাৎ চারজন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এর পর তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের গুলিতে হাবিবুর ও সাজু গুলিবিদ্ধ হন। এর পর পরই তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে স্থানীয় চাঁদাবাজ বাদশা, জনি ও তাদের লোকজন ফোনে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে এখন পর্যন্ত তাদের সেই চাঁদার টাকা দেওয়া হয়নি। তার জের ধরেই আজ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহত সাজু আহমেদ জানান, চার জনের মধ্যে তিন জন অফিসের ভেতরে ঢোকে আর একজন বাইরে দাঁড়িয়েছিল। ভেতরে ঢুকেই ওই তিন জন বলতে থাকে, ‘তোদের এইখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেন?’ এই বলেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘটনা ঘটিয়ে তারা সেখান থেকে চলে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, সবুজের ডান পায়ে ও হাবিবুরের বাম হাতে গুলিবিদ্ধ হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি রামপুরা থানায় জানানো হয়েছে।