Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে আইনমন্ত্রী / জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় আদালতে নেওয়া হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ২১:১২

সংসদে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক সেনাকর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া অত্যন্ত স্বাচ্ছন্দে আদালতে নেওয়ার ঘটনায় সংসদে যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, তার জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না। অভিযুক্ত এই আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবং নিয়ম মেনে আদালতে হাজির করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সরকারদলীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জিয়াউল আহসানকে যেভাবে হাতকড়া ছাড়া উদ্ধত ভঙ্গিতে আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়েছে, তাতে সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবারগুলো অত্যন্ত আতঙ্কিত ও মর্মাহত।’ তিনি প্রশ্ন তোলেন, ‘সরকার কি তবে তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না?’

এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি তারও নজরে এসেছে। যদিও কারাগার থেকে আদালত পর্যন্ত আসামিকে পরিবহন বা আনা-নেওয়ার বিষয়টি সরাসরি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের মধ্যে পড়ে না, তবুও জনসচেতনতা ও উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী সংসদকে বলেন, ‘একজন নটোরিয়াস ক্রিমিনালকে (কুখ্যাত অপরাধী) যেভাবে আদালতে নিয়ে যাওয়ার প্রয়োজন, পরবর্তী সময়ে ঠিক সেভাবেই নিয়ে যাওয়া হবে। আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না সেটার নিশ্চয়তা আমরা দিচ্ছি।’

সংসদে দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী আরও জানান, সরকার কোনো ধরনের ফরমায়েশি রায় বা বিচার চায় না; বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন প্রতিটি মামলার ক্ষেত্রে পর্যাপ্ত ও অকাট্য সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। বিগত ১৬-১৭ বছরের গুম, খুন, গায়েবি মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর।

আইনমন্ত্রী বলেন, ‘গত ১৬-১৭ বছরে দেশে যত গুম, খুন ও গায়েবি মামলা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যত মানুষ নিহত, পঙ্গু হয়েছেন কিংবা চোখ, হাত, কানসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার পথে সরকার এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ঘটে যাওয়া বিগত ১৬-১৭ বছরে যত গুম হয়েছে, যত খুন হয়েছে, যত গায়েবি মামলা হয়েছে, বিগত জুলাই আন্দোলনে গণঅভ্যুত্থানে যত মানুষ মারা গেছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, কান হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে-তার প্রত্যেকটি ঘটনার আমরা ন্যায়বিচারের পথ ধরে এগিয়ে যাব। এই অঙ্গীকার আবারও এই মহান সংসদে করছি।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী গত অধিবেশনে ৩০০ বিধিতে দাঁড়িয়ে জানিয়েছিলেন, বিগত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পৃথক দল জেলায় জেলায় যাবে।’

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা এবং চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পৃথক তদন্ত দল পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় যাবে। বিগত দিনে কোন পুলিশ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা রাজনৈতিক ব্যক্তির ইন্ধনে বা সহযোগিতায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সংসদ সদস্যসহ স্থানীয় জনসাধারণকে তদন্ত কাজে সহযোগিতা করার আহ্বান জানান আইনমন্ত্রী।

বিজ্ঞাপন

১১ দলের সিলেট রোডমার্চ স্থগিত
১৫ নভেম্বর ২০২৬ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর