ঢাকা: যেকোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ এবং তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা অত্যন্ত নির্দয় হিসেবে বিবেচনা করা হবে এবং সরকার তা অত্যন্ত কঠোরভাবে দমন করবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের এক প্রশ্নের জবাবে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
সংসদে মন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা বা তদন্ত প্রভাবিত হওয়ার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংসদীয় শিষ্টাচার মেনে এই মহান জাতীয় সংসদে যা কিছু আলোচনা করা হয়, তা সম্পূর্ণ নিয়মসম্মত। কোনো বক্তব্য বা বিবৃতির মাধ্যমে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার কোনো উদ্দেশ্য সরকারের নেই। এই প্রসঙ্গে ‘প্রভাবিত’ শব্দটির সুনির্দিষ্ট অর্থ ও প্রেক্ষাপট স্পষ্ট করা উচিত ।”
এর আগে কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করে জাতীয় সংসদে জোরালো বক্তব্য দেন এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তার সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার পরদিনই তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার (এসপি) এবং জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং দ্রুত একটি উচ্চপর্যায় উপায়ে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।
স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) উপপরিচালককে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটিতে বিজিবির একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা, পুলিশের একজন এসপি এবং ফায়ার সার্ভিসের একজন পরিচালককে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে তিন দিনের সময় দেওয়া হয়েছিল এবং আগামীকালই তাদের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত ও আলামত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে পেট্রোলবোমার কোনো সুনির্দিষ্ট আলামত বা চিহ্ন পাওয়া যায়নি। বরং পুরোনো বাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং বা শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে জোরালো ধারণা করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরেই এ বিষয়ে নিশ্চিতভাবে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব হবে। এ ছাড়া, ঘটনার সময় একটি ছাগল ও গরু পুড়ে মারা যাওয়ার তথ্য এবং একজন নারী তার কোলের শিশু সন্তানকে নিয়ে ঘর থেকে নিরাপদে বের হয়ে আসার ভিডিও ফুটেজ তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।’
সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদ সদস্যের করা জিডির ভিত্তিতে এর আগে পুলিশ তদন্ত পরিচালনা করেছে। পরবর্তী সময়ে তিনি কিছু জ্ঞাত ও অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলাও করেছেন, যা বর্তমানে প্রচলিত ফৌজদারি আইনের আওতায় তদন্তাধীন রয়েছে। এ ছাড়া, টেলিফোনে হুমকি প্রদান এবং সাইবার অপরাধের সঙ্গে জড়িত কুচক্রী মহলকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাবাগান থানায় আলাদা একটি জিডি করা হয়েছে। তবে ওই সাইবার হুমকি বা জিডির বিষয়ের সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনার তাৎক্ষণিক কোনো যোগসূত্র বা মিল এখন পর্যন্ত পাওয়া যায়নি।