Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি রয়েছে: রুমিন ফারহানা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ২০:২৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ ২০:২৯

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা – ছবি : সংগৃহীত

ঢাকা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা ও সমন্বয়হীনতা রয়েছে বলে জাতীয় সংসদে জোরালো অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এই প্রসঙ্গটি উত্থাপন করেন।

বক্তব্যের শুরুতেই রুমিন ফারহানা বাংলা সাহিত্যের বিখ্যাত পঙক্তি উদ্ধৃত করে বলেন, ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে, তিনি মরেন নাই’ ঠিক তেমনিভাবে শেখ হাসিনা সশরীরে দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে এর সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

সরকারপক্ষের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির ভিন্নমুখী বক্তব্যের খতিয়ান তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার দেশে ফেরা ও আইনি প্রক্রিয়া নিয়ে মন্ত্রিসভা ও উপদেষ্টামণ্ডলীর বক্তব্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। একেক মন্ত্রী একেক রকম বক্তব্য দেওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে তিনি সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের বক্তব্যের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জায়েদ উর রহমান গত ৯ নভেম্বর বলেছেন, শেখ হাসিনা নিজে ফিরুক কিংবা তাকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একটাই সরকার তার দেশে ফেরা ঠেকাতে চায় না। তিনি আরও মন্তব্য করেছিলেন যে, মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা এখনও বাংলাদেশের নাগরিক এবং তার পাসপোর্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দেয়া বক্তব্য তুলে ধরে রুমীন ফারহানা বলেছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না উল্লেখ করে তিনি নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দেন। একই সঙ্গে তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়েও সমালোচন করে তিনি বলেন, গত ৯ নভেম্বর পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই আবেদনের সত্যতা তিনি এখনো যাচাই করতে পারেননি। আবেদনের আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

আইনমন্ত্রীর বক্তব্যকে উল্লেখ করে রুমীন ফারহানা বলেন, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর জানিয়েছেন যে, সরকার আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের ওপর নির্ভর করছে। এছাড়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

রুমিন ফারহানা বলেন, একদিকে উপদেষ্টা পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন, অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরাসরি পাসপোর্ট না দেওয়ার কথা বলছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আবেদন যাচাইই করা হয়নি। আবার কোনো কোনো ক্ষেত্রে আবেদনটিকে হাস্যকর বলেও উড়িয়ে দেওয়া হচ্ছে।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই ধরনের পরস্পরবিরোধী ও সমন্বয়হীন বক্তব্যের নানা দিক তুলে ধরার একপর্যায়ে তার মাইক বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর