Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজ বাড়িতে আগুন ও সংসদীয় বিতর্ক নিয়ে সংসদে এমপি নুসরাতের ক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ২০:৩৯

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম – ছবি : সংগৃহীত

ঢাকা : কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই নাশকতার ঘটনাকে লঘু করে দেখানোর প্রবণতা এবং তদন্ত চলাকালে দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।

রোববার ( ১৫ নভেম্বর )  সংসদ অধিবেশনে ঘটনার বিবরণ তুলে ধরে নুসরাত তাবাসসুম জানান, গত ১২ নভেম্বর রাতের প্রথম প্রহরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে আমার পৈতৃক বসতবাড়িতে প্রতিপক্ষ সন্ত্রাসীরা আগুন দেয়। এই আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি। প্রথমত, নিজের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় এবং দ্বিতীয়ত, সংসদের ভেতরে সহকর্মীদের একটি অংশের এই নাশকতাকে লঘু বা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা আমাকে আহত করেছে।

বিজ্ঞাপন

ঘটনার সিসিটিভি ফুটেজের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, মধ্যরাতে বাড়িতে যখন আগুন দেওয়া হয়, তখন সিসিটিভি ফুটেজে খুব স্পষ্ট দেখা গেছে যে বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে দাউ দাউ করে সারা বাড়িতে একযোগে আগুন জ্বলে উঠেছে। সেই আগুন ও ধোঁয়ার মধ্য থেকে পরিবারের নারী ও শিশুরা দৌড়ে বের হয়ে আসছে এবং অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। এত স্পষ্ট চাক্ষুষ প্রমাণ থাকার পরেও সংসদের মতো দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে বাড়িটিকে ‘পরিত্যক্ত’ কিংবা ঘটনাটিকে ‘শর্ট সার্কিটের ফল’ বলে প্রচারের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তদন্ত কার্যক্রমে প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করে নুসরাত তাবাসসুম বলেন, তদন্ত চলমান থাকা অবস্থায় যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বা কর্তাব্যক্তিরা আগেই কোনো নির্দিষ্ট ফলাফলের কথা বলে দেন, তবে অধস্তনরা সেই ইশারা অনুযায়ী তদন্তকে প্রভাবিত করতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর কিছু ব্যক্তি ও গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে এসে এই তাণ্ডব নিয়ে উল্লাস প্রকাশ করেছে এবং দায় স্বীকার করে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। অথচ এত প্রমাণের পরও তাদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন তোলেন তিনি।

সংসদের সর্বকনিষ্ঠ এই সদস্য বলেন, তিনি তাঁর সহকর্মীদের কাছ থেকে ন্যূনতম সংবেদনশীলতা ও সহমর্মিতা আশা করেছিলেন। কিন্তু তদন্ত প্রভাবিত করার মতো বক্তব্য বা মনোভাব বিচার পাওয়ার পথকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিজ বাড়িতে ঘটা এই ভয়াবহ অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সুনির্দিষ্ট, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের উপযুক্ত বিচার দাবি করেন এই সংসদ সদস্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর