Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ০০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইরাক সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ ও ১৪ অক্টোবর প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুই দিনব্যাপী জয়েন্ট কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ বিষয়ক একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

এছাড়াও বৈঠকে নিরাপদ, নিয়মিত এবং সুশৃঙ্খল শ্রম অভিবাসনসহ জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি; ইরাকে দক্ষ, আধাদক্ষ এবং অদক্ষ কর্মী পাঠানোর সম্ভাব্যতা এবং দেশটিতে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে একটি ‘রেকর্ড অব ডিসকাশন’ সই হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বিভিন্ন সেক্টরে কর্মী ভিসা দেওয়ার মাধ্যমে নিয়োগের বিষয়ে ভূমিকা গ্রহণ, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিতে ইরাকি নিয়োগকর্তার দেওয়ার চাহিদাপত্র অনুযায়ী দূতাবাসের সত্যায়নের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে দেশটি জানায়। এছাড়া নিরাপদ অভিবাসন নিশ্চিতে ইরাকে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীরা সে দেশে যাওয়ার আগে কর্মসংস্থান চুক্তি সই করে যাবে বলেও সিদ্ধান্ত হয়।

বৈঠকে জানানো হয়, ইরাকের কোন কোন সেক্টরে কর্মীর চাহিদা রয়েছে সে বিষয়ে বাংলাদেশ দূতাবাস তথ্য সংগ্রহ করে কর্মী পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইরাকে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে ইরাকি ডেলিগেশন ইতিবাচক মনোভাব পোষণ করেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার অনিয়মিত কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় নিয়মিতকরণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরাক সরকারের কাছে অনুরোধপত্র পাঠাবে।

সমঝোতা চুক্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের পক্ষে দেশের মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম অব্দুর রেজা খাইয়ুন আত-ওয়ানি সই করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ইরাকি প্রতিনিধিদল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করে।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর