Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসিনার ব্যাংক ঋণ শোধ করল জামায়াত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কৃষি উন্নয়ন ব্যাংকের ঋণের বোঝা থেকে হাসিনা বেগম নামের এক অসহায় নারীকে মুক্ত করল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৬ নভেম্বর) ব্যাংকের তিরনইহাট শাখায় উপস্থিত হয়ে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন ওই নারীর ঋণের ৮০ হাজার ৫৩৩ টাকা পরিশোধ করেন।

হাসিনা বেগমের বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে। তিনি ওই এলাকার মানসিক ভারসাম্যহীন ইদ্রিস আলীর স্ত্রী।

জানা গেছে, হাসিনা বেগম ২০২২ সালে মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। তার স্বামী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সংসারের সব দায়িত্ব তাকেই পালন করতে হয়। মানুষের বাড়িতে কাজ করে তিনি ১৫ হাজার টাকা পরিশোধ করেন।

বিজ্ঞাপন

এদিকে, গত ২৫ মার্চ তার অজান্তেই ব্যাংকে ঋণ নবায়ন করে আরও ৫ হাজার টাকা বৃদ্ধি দেখানো হয়। পরে চক্রবৃদ্ধি সুদে ঋণের পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার ৫৩৩ টাকায়। সংসার চালাতে হিমশিম খাওয়া হাসিনার পক্ষে এই ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় বিষয়টি জানতে পেরে তার ঋণ পরিশোধের উদ্যোগ নেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।

ঋণ মুক্ত হয়ে হাসিনা বেগম বলেন, ‘আমার স্বামী মানসিক ভারসাম্যহীন, নিজের উপার্জনে সংসার চালাই। বিপদে পড়ে ঋণ নিয়েছিলাম, কিন্তু পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলাম। জামায়াতে ইসলামী ঋণের সব টাকা থেকে দিয়ে আমাকে ঋণমুক্ত করেছে- এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, ‘মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই সমাজের কোনো মানুষ যেন অবহেলা-অনটনে কষ্ট না পায়। সামর্থ্য অনুযায়ী এমন মানবিক কাজে ভবিষ্যতেও পাশে থাকতে চাই।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর