Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে: শামসুজ্জামান দুদু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৪:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা বাংলাদেশের রাজনৈতিক সুস্থতার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। তিনি হাসলে পুরো দেশের মানুষ হাসে। তাকে অনুসরণ করা মানে গণতন্ত্র ও স্বাধীনতাকে অনুসরণ করা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এ জন্য তিনি দেশ-বিদেশের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডাক্তাররা জানিয়েছেন, আগের তুলনায় তিনি এখন কিছুটা ভালো আছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিহাসে উজ্জ্বল। মানুষের ভালোবাসায় তিনি তিনবার দেশের ক্ষমতায় এসেছেন। অথচ আজ তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।’

দোয়া মাহফিলে সবাইকে আহ্বান জানিয়ে দুদু বলেন, ‘আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। আসুন, আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন দেশনেত্রী খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলতাব হোসেন সর্দার। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর