Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের বাজারে অস্থিরতা / ৩ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম

সারাবাংলা ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬ ২১:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের সোনার বাজারেও অস্থিরতা বিরাজ করছে। গত ডিসেম্বরের মতো জানুয়ারিতেই অস্থিরতার আভাস মিলেছে। মাত্র তিন দিনের ব্যবধানে সোনার দাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন। সর্বশেষ দর সংশোধনে ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। তবে এদিন রুপার দাম সংশোধনেরও ঘোষণা দেয়নি বাজুস। ফলে প্রতিভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকাই রয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। সোমবার (৫ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।

তবে এদিন রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১ জানুয়ারি সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম কমেছিল। ওইদিন রুপার দামও কমে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর