Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আইএমইআই’ পরিবর্তন করে মোবাইল বিক্রি, মূলহোতা গ্রেফতার

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৬:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে ‘আইএমইআই’ নম্বর পরিবর্তন করে বিক্রি চক্রের মূলহোতা সফটওয়্যারসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার (ডিবি, সাইবার উত্তর) এসব জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (২৪ জানুয়ারি) রাতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম জানতে পারে কতিপয় ব্যক্তি পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্স আন্ডার গ্রাউন্ড পাতাল মার্কেটের গেইটসংলগ্ন একটি দোকান থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে মো. আসাদুজ্জামানকে (৩৮) গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, গ্রেফতারের সময় তার থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুটি ল্যাপটপ, সরঞ্জামাদি, ১৬টি মোবাইল ও নগদ ৫ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা চোরাই মোবাইল ও সরঞ্জামাদির আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা। এই ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদুজ্জামান ও তার পলাতক সহযোগী রাজন শেখ আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের মূল হোতা। তাদের দলে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে যারা রাস্তায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল সংগ্রহ করে আসাদুজ্জামান ও রাজন শেখের কাছে হস্তান্তর করতো। পরবর্তীতে তারা আইএমইআই পরিবর্তন করে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করতো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর