Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যবহৃত ফোন বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক: বিটিআরসি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে সেটির নিবন্ধন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালুর পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পুরোপুরি কার্যকর করা হয়েছে। এর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। এই ব্যবস্থার মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সহজ হবে।

বিজ্ঞাপন

বিটিআরসির নতুন নির্দেশনা

হস্তান্তর বা বিক্রি: নিজের নামে নিবন্ধিত ফোনটি অন্য কারও ব্যবহারের জন্য হস্তান্তর কিংবা বিক্রির আগে অবশ্যই সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে অবমুক্ত বা ডি-রেজিস্ট্রেশন করতে হবে।

সিম পরিবর্তন: নিবন্ধিত ফোনে সিম কার্ড পরিবর্তন করার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হতে পারে বলে জানানো হয়েছে।

প্রয়োজনীয় তথ্য: ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সিম ক্রয়ের সময় ব্যবহৃত ডকুমেন্ট (এনআইডি বা পাসপোর্ট) নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে।

বিটিআরসি আরও জানায়, ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে গ্রাহকরা neir.btrc.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এ ছাড়া যেকোনো প্রয়োজনে বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করা যাবে।

নিবন্ধন বাতিল না করে ফোন হস্তান্তর করলে পরবর্তীতে ওই হ্যান্ডসেট দিয়ে কোনো অপরাধ সংঘটিত হলে তার দায়ভার মূল নিবন্ধিত ব্যক্তির ওপর বর্তাতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো

সম্পর্কিত খবর