Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুর নগরীতে অবৈধ ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: রংপুর মহানগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের যৌথ অভিযান শুরু করেছে রংপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও রংপুর মহানগর পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কাচারী বাজার এলাকা থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান ও সিটি করপোরেশনের সচিব রাকিব হাসান। প্রথম দিনে কাচারী বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত সড়কের ডিভাইডার ও দুই ধারের অবৈধ প্রচারসামগ্রী অপসারণ করা হয়েছে।

অভিযানের সময় অনেক মালিক-প্রতিষ্ঠান নিজেরাই ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। পুলিশের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

পুরো নগরীতে এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও বিভিন্ন প্রার্থীর ফেস্টুন, বিলবোর্ড, ব্যানার ছাড়াও কোচিং সেন্টার, মাল্টিন্যাশনাল কোম্পানি ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রচারপত্রে ঢেকে আছে। এতে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। নির্বাচন শেষ হওয়ার পরও এসব অবৈধ প্রচারসামগ্রী অপসারণ না হওয়ায় নগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, ‘মহানগর পুলিশ ও সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীকে পরিচ্ছন্ন রাখতে কার্যক্রম শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। আমরা নগরবাসীর সহযোগিতা চাই যাতে রংপুরকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা যায়।’

মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ‘আইন মেনে ব্যানার-ফেস্টুন সরাতে হবে। যারা আইন মানবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আরোপ করা হবে।’

এই অভিযান নির্বাচন-পরবর্তী সময়ে নগরীর সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শুরু করা হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান সড়ক ছাড়াও ওয়ার্ডভিত্তিক অভিযান চালানো হবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত পুরো নগরী পরিষ্কার করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর