ঢাকা: জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো বিলবোর্ড সরিয়ে দিয়েছেন এনসিপি নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এসে এই বিলবোর্ড সরিয়ে দেন আসিফ মাহমুদের উপস্থিতিতে এই বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়।
এসময় স্লোগান দিতে থাকে, ‘দখলদারদের ঠিকানা, এই বাংলায় হবে না’।
এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারীদের হামলায় মিরপুর-১-এর বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার দাবি করেন, নিরাপত্তাকর্মীদের জিম্মি করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভাঙচুর ও লুটপাটের পর দোকানদার সমিতির সাইনবোর্ডও টানিয়ে দেওয়া হয়।
হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা দেওয়ার রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম ও পদ্ধতি, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে যান।
এছাড়া একটি জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, তিনটি স্টিলের আলমারি, পাঁচটি স্টিলের ফাইল কেবিনেট, ল্যাবরেটরির সরঞ্জাম ও রিএজেন্ট, দুটি টিভি, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার এবং বিভিন্ন আসবাবপত্রও লুটের অভিযোগ রয়েছে।