Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আনতালিয়ায় প্রথম সফলতা / তুরস্ক-এআইআইবি’র ১.৬ বিলিয়ন ডলারের জলবায়ু চুক্তি সই

তুরস্কের আনতালিয়া থেকে উজ্জল জিসান, স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ০১:৩০

তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)। ছবি: সংগৃহীত

তুরস্ক: ​এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও তুরস্কের মধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন (১৬০ কোটি) মার্কিন ডলারের একটি জলবায়ু অর্থায়ন চুক্তি সই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) আন্টালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে এই ঋণ চুক্তিটি সই হয়।

এআইআইবি জানিয়েছে, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় জলবায়ুনীতিভিত্তিক অর্থায়ন প্যাকেজ। এর লক্ষ্য তুরস্কের নির্গমন বাণিজ্য (এমিশন ট্রেডিং) চালু করা, বিভিন্ন খাতে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে দেশের প্রধান প্রধান জলবায়ু অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতের বিনিয়োগ নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখবে এই ঋণ।

বিজ্ঞাপন

এর আগে গত ২২ অক্টোবর এআইআইবি’র পরিচালনা পর্ষদ এই অর্থায়ন প্যাকেজটি অনুমোদন করে। চুক্তিটি তুরস্কের জলবায়ু আইন বাস্তবায়ন এবং তাদের দ্বিতীয় ‘জাতীয়ভাবে নির্ধারিত অবদান’ (এনডিসি) লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। তুরস্ক ২০৫৩ সালের মধ্যে মোট কার্বন নিঃসরণ শূন্যে (নেট-জিরো) নামিয়ে আনার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করছে। যার অংশ হিসেবে ২০৩৫ সালের জন্য মধ্যবর্তী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন এই অর্থায়ন প্যাকেজটিকে দু’টি সমান ভাগে ভাগ করা হয়েছে। ভাগ ‍দু’টি হলো— ‘তুরস্ক ক্লাইমেট অ্যাকশন অ্যাক্সিলারেশন প্রোগ্রাম’ (টিসিএএপি)-এর আওতায় নীতিভিত্তিক ঋণ এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা সুবিধার মাধ্যমে পাওয়া অতিরিক্ত অর্থায়ন।

এআইআইবি’র পাবলিক সেক্টর ও গ্লোবাল করপোরেট প্রধান কনস্টান্টিন লিমিভস্কি বলেন, ‘কপ৩১ সম্মেলনের আসল জোর দেওয়া হচ্ছে বাস্তবায়নের ওপর। এই পরিস্থিতিতে তুরস্কের রূপান্তরকামী জলবায়ু সংস্কারকে সমর্থন করতে পেরে আমরা গর্বিত। এটি এআইআইবি-র ইতিহাসে সর্ববৃহৎ জলবায়ু ঋণ সুবিধা।’

জানা গেছে, পুরো কর্মসূচিটি তিনটি মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। সেগুলো হলো-

১. টেসই অর্থায়ন: নির্গমন বাণিজ্য ব্যবস্থা চালু এবং সবুজ অর্থায়ন কাঠামো প্রয়োগ।
২. খাতভিত্তিক কার্বন হ্রাস: জাতীয় নিঃসরণ কমানোর কৌশল আপডেট করে শিল্প ও অর্থনীতির খাতগুলোতে বাস্তবায়ন করা।
৩. জলবায়ু স্থিতিস্থাপকতা: স্থানীয় পর্যায়ে অভিযোজন পরিকল্পনা জোরদার করা এবং পানি, বাস্তুতন্ত্র ও জনস্বাস্থ্যের মতো খাতে জলবায়ু সংক্রান্ত ঝুঁকি কমানো।

তুরস্কের ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয় এই কর্মসূচির মূল নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে। পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং তাদের জলবায়ু পরিবর্তন অধিদফতর কারিগরি দিকগুলো তদারক করবে। এ ছাড়া, ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট, জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও বন বিভাগের মতো সরকারি বিভিন্ন সংস্থাও এর সঙ্গে যুক্ত থাকবে। দেশের ৮১টি প্রদেশেই স্থানীয় জলবায়ু শাসনের আওতায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এআইআইবি ২০১৬ সালে কার্যক্রম শুরু করে। ১০০ বিলিয়ন ডলারের মূলধন নিয়ে গড়ে ওঠা এই বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের অনুমোদিত সদস্যসংখ্যা বর্তমানে ১১১। তুরস্কে এআইআইবি’র সম্পৃক্ততা নতুন নয়। এ যাবৎ সংস্থাটি সেখানে মোট ৪৮টি প্রকল্পে ১১ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। চলতি ২০২৬ সালেই (২৪ অক্টোবর পর্যন্ত) তুরস্কের নয়টি প্রকল্পে সংস্থাটি ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার দিয়েছে, যার প্রায় ৯৫ শতাংশই (৩ দশমিক ৬৯ বিলিয়ন ডলার) জলবায়ু অর্থায়ন হিসেবে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর