অসাধারণ ফুটবল, অনেকদিন পর মনে রাখার মতো একটা ম্যাচ খেলল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে একের পর এক আক্রমণ, নিখুঁত পাস আর গোলের পর গোল, রীতিমতো দাপট দেখাল বাংলাদেশ। পুরো ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে গোলের শুরুটা করেছিলেন শামিত শোম। তারপর দুর্দান্তভাবে বক্সে ঢুকে হামজা চৌধুরীর দারুণ এক গোল। দ্বিতীয়ার্ধে ফারহান আলীর গোলটা হলো ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে তরুণ ফারহান যে গোলটি করলেন তেমন গোল দেখা যায় ইউরোপিয় ফুটবলে। শেষ দিকে রাকিব হোসেন দুর্দান্ত চিপে গোলরক্ষককে বোকা বানালেন, সব মিলিয়ে বাংলাদেশ দাপুটে ম্যাচটা শেষ করেছে ৪-০ গোলের জয়ে।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের আগে নিজেদের শক্তির জানান দিল থমাস ডুলির দল। আগামী ১৪ নভেম্বর শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান।
বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণে ওঠে বাংলাদেশ। অষ্টম মিনিটে হামজার বাড়ানো বল থেকে গোলের সুযোগ তৈরি হয়। শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল ঠিকভাবে সামলাতে না পারলে ফিরতি বলে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয়বার জাল খুঁজে নেন শামিত সোম। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখে স্বাগতিকেরা। ৪৪ মিনিটে সেই চেষ্টা সফল করেন অধিনায়ক হামজা। বাঁ দিক দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে জোরালো শট নেন নতুন অধিনায়কত্ব পাওয়া হামজা। বল গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়। জাতীয় দলের হয়ে নিজের পঞ্চম গোলটি করে অধিনায়কত্বের অভিষেক স্মরণীয় করে রাখেন হামজা।
বিরতির পরও বাংলাদেশের আক্রমণের গতি কমেনি। ৫৩ মিনিটে ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত উপহার দেন ফারহান আলী ওয়াহিদ। বাঁ দিক দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন তিনি। এরপর নিখুঁত শটে বল পাঠান জালে। দেশের মাটিতে প্রথম ম্যাচেই এমন গোল করে দর্শকদের মুগ্ধ করেন ইংল্যান্ডপ্রবাসী এই ফুটবলার।
তিন গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণে তেমন ফাটল ধরাতে পারেনি শ্রীলঙ্কা। উল্টো শেষ দিকে আরও একবার গোল উৎসবে মাতে স্বাগতিকেরা। ৮৭ মিনিটে প্রতি-আক্রমণে বল নিয়ে এগিয়ে যান রাকিব হোসেন। সামনে গোলরক্ষককে পেয়ে দারুণ চিপে বল জালে পাঠান বাংলাদেশের নাম্বার টেন। তাতে চার গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।