Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ধর্ষণের পর হত্যা / প্রধান আসামি নূরাসহ ৭ জনের ৮ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৩:৪৪

আসামিদের কোর্টে তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত।

নরসিংদী: নরসিংদীতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার সাতজনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। সকাল সাড়ে ১১টায় নরসিংদী জজ কোর্টের ২য় জুডিশিয়াল আদালতে তোলা হয় গ্রেফতার হওয়া সাত আসামিকে। বাদী পক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী আদালতে দাঁড়ালেও আসামি পক্ষের কোনো আইনজীবী নেই।

এর আগে, ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নূরা এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

এই নিয়ে কিশোরীর মা ফাহিমা বেগমের দায়ের করা মামলায় ৯ জন আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরী আমিনাকে বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র অপহরণ করে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা খেত থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজহার অনুযায়ী, ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত চারজন এবং বিচার কার্যে সহায়তাকারী সাবেক মেম্বারসহ তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকী দুই পলাতক আসামিকেও দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর