Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রামে গরুর শিংয়ের আঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৭:০৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় কামাল হোসেন (৪১) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

তহুরা একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে।

আহত কামাল হোসেন সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার আহমদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি হাটবারে বিভিন্ন এলাকা থেকে গরু বিক্রি করতে তেওয়ারি হাট বাজারে বেপারীরা। ঘটনাস্থলে জসিম উদ্দিন নামে এক বেপারী গাড়ি থেকে নামিয়ে গরুকে রশি দিয়ে খুঁটির সঙ্গে আটকে রাখে।

বিজ্ঞাপন

এ সময় হঠাৎ একটি গরু উত্তেজিত হয়ে রশি ছিঁড়ে পালানোর সময় স্কুলছাত্রী তহুরাকে পেছনে শিং দিয়ে আঘাত করে। এতে সে সড়কের পাশে পাকা পিলারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরতর আঘান পান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। তহুরা পদুয়াস্থ আলফা একাডেমি কোচিং সেন্টারে ক্লাস করতে যাচ্ছিল।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোয়ারা সাদিয়া জানান, মাথায় আঘাতপ্রাপ্ত এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।